বিনোদন

অনুব জৈনের ঢাকার কনসার্ট স্থগিত, টিকিট রিফান্ড নিয়ে দুশ্চিন্তা

  প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৫ , ১২:১৮:২২ প্রিন্ট সংস্করণ

অনুব জৈনের ঢাকার কনসার্ট স্থগিত, টিকিট রিফান্ড নিয়ে দুশ্চিন্তা
ছবি : সংগৃহীত

ঢাকায় ভারতীয় সংগীতশিল্পী অনুব জৈনের নির্ধারিত কনসার্ট নিরাপত্তাজনিত কারণে স্থগিত করেছে আয়োজক প্রতিষ্ঠান হাইপনেশন। ১২ ডিসেম্বর ১০০ ফিটের কোর্টসাইড মাদানি অ্যাভিনিউতে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল।

ফেসবুক পোস্টে আয়োজক প্রতিষ্ঠান জানায়, বর্তমান পরিস্থিতিতে দর্শক, স্পনসর, পার্টনার ও টিকিটধারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্থিতিশীল হলে নতুন তারিখ ঘোষণা করে পুনরায় কনসার্ট আয়োজন করা হবে। তবে হঠাৎ স্থগিত ঘোষণায় টিকিটের মূল্য ফেরত পাওয়া নিয়ে দর্শকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ বিষয়ে হাইপনেশন জানিয়েছে, রিফান্ড নিতে ইচ্ছুকদের জন্য শিগগিরই বিস্তারিত রিফান্ড নীতিমালা প্রকাশ করা হবে। নতুন তথ্যের জন্য তারা ফেসবুক পেজ অনুসরণ করার অনুরোধ জানিয়েছে। ‘আলাগ আসমান’, ‘মাজাক’, ‘মিসরি’, ‘রিহা’, ‘মাওলা’, ‘ওশান’, ‘গুল’, ‘যো তুম মেরি হো’, ‘হুসন’সহ অনুব জৈনের বহু জনপ্রিয় গান রয়েছে। গত আগস্টে কোক স্টুডিও ভারতের জন্য গাওয়া তাঁর ‘আরজ কিয়া হ্যায় কি’ গানটিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

এর আগেও ১৪ নভেম্বর ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টটি অনুমতি সংকটে বাতিল হয়, যেখানে অংশ নেওয়ার কথা ছিল জেমস ও পাকিস্তানের সুফি-রক তারকা আলী আজমতের।এদিকে আগামী কয়েক সপ্তাহে ঢাকায় আরও কয়েকটি আন্তর্জাতিক কনসার্টের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে পাকিস্তানি ব্যান্ড জাল, কাবিশ এবং আতিফ আসলাম–এর পারফরম্যান্স রয়েছে।