
অ্যাশেজ সিরিজের পার্থ টেস্টে দুই দলের বোলাররাই আধিপত্য দেখাচ্ছেন। ম্যাচের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়ার পেসাররা দাপট ধরে রাখে। ইংল্যান্ডের প্রথম ইনিংসের ১৭২ রানের জবাবে অস্ট্রেলিয়া অলআউট হয় মাত্র ১৩২ রানে।
শনিবার (২২ নভেম্বর) দ্বিতীয় ইনিংসে নেমে স্বাগতিকদের সতর্ক বোলিংয়ে আবারও ব্যর্থ ইংলিশ ব্যাটাররা। মাত্র ১৬৪ রানে গুটিয়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২০৫ রান। প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া মিচেল স্টার্ক দ্বিতীয় ইনিংসেও নেন তিন উইকেট। ফলে দুই ইনিংস মিলিয়ে শিকার করেন ১০ উইকেট। প্রথম ইনিংস শেষে ৪০ রানের লিড হাতে পেয়েছিল ইংল্যান্ড। তবে দ্বিতীয় ইনিংসে স্টার্ক ও স্কট বোল্যান্ডের নিখুঁত লাইন-লেন্থে শুরু থেকেই চাপে পড়ে সফরকারী দল। ৩৪ ওভার ৪ বল খেলেই অলআউট হয় তারা ১৬৪ রানে।
ইংলিশদের পক্ষে সবচেয়ে বড় ইনিংসটি খেলেন গাস অ্যাটকিনসন—৩২ বলে ঝড়ো ৩৭ রান। এছাড়া ওলি পপ করেন ৩৩, বেন ডাকেট ২৮ এবং ব্রাইডন কার্স যোগ করেন ২০ রান। অস্ট্রেলিয়ার হয়ে বোল্যান্ড নেন সর্বোচ্চ ৪ উইকেট। স্টার্ক ও ব্রেন্ডন ডগেট পান তিনটি করে উইকেট।