
করোনাভাইরাসে বিরুদ্ধে জয় পেলেও নিউমোনিয়া জনিত সমস্যা বেড়ে যাওয়া, কিডনি ফেইলিউর ও ফুসফুস সংক্রান্ত সমস্যায় ভুগছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। বর্তমানে তিনি নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন।
বুধবার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল এবং কোভিড-১৯ কিট প্রকল্পের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খোন্দকার এ কথা জানিয়েছেন।
ডা. মুহিব আরও বলেন, ‘তার (জাফরুল্লাহ চৌধুরী) শারীরিক অবস্থা আগে যে অবস্থায় ছিল, এখন পর্যন্ত অ্যাডভান্সড হয়নি। আগে তো তার কোভিড পজেটিভ ছিল, সেটা নেগেটিভ হয়েছে। উনার নিউমোনিয়া যেটা, এখন উনার সমস্যা যেটা, সেটা এখনও খুব একটা ভালোর দিকে যায়নি। তিনি এখনও আন্ডারট্রিটমেন্টে (চিকিৎসাধীন) আছেন। যদিও তিনি কনশাস (চেতন)। কোনো অক্সিজেন লাগছে না। উনি নিজে নিজেই বাথরুমে যাচ্ছেন। নড়াচড়া করছেন। উনার ফুসফুসে যে নিউমোনিয়া, সেটা থেকে এখনও উনি নিরাপদ পর্যায়ে আসেননি। এখনও ক্রিটিক্যাল পর্যায়ে আছেন। উনি আইসিইউতে ভর্তি আছেন।’
উল্লেখ্য, গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের পরীক্ষায় গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষাতেও তার করোনাভাইরাস সংক্রমণ ফলাফল পজিটিভ আসে।