
আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আতাদী এলাকায় ওয়াজ মাহফিলে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে হানিফা ওরফে নয়ন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ভৈরব্দী এলাকার মৃত মোশারফের পুত্র। এ ব্যাপারে সোমবার বেলা দুইটায় আড়াইহাজার থানায় গণমাধ্যম কর্মীদের প্রেস ব্রিফিং দিয়েছেন।
নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম ( গ সার্কেল)। প্রেস ব্রিফিং এ তিনি বলেন ঘটনাটি শনিবার (২৪ জানুয়ারি) রাতে ঘটলে রোববার (২৫ জানুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নয়নের মৃত্যু হয়।
হত্যার ঘটনার ২৪ ঘন্টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যার ঘটনার প্রধান অভিযুক্ত আসামী এমরানকে সোমবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। এমরান পশ্চিম আতাদী গ্রামের মৃত মতিউর রহমান মোল্লার পুত্র । পেশায় একজন ঝাল মুড়ি বিক্রেতা। ওই দিন রাতে ওয়াসা লাইনের পাশে একটি ওয়াজ মাহফিলে এমরান ঝালমুড়ি বিক্রি করছিলেন।
ওই সময় নয়নের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এমরান ক্ষিপ্ত হয়ে নয়নকে ছুরিঘাত করে।এতে নয়ন গুরুতর আহত হলে তাকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু তার অবস্থা গুরুতর বিধায় ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সন্ধ্যায় নয়নের মৃত্যু হয়।
নয়নের মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারী এমরানকে সোমবার দুপুরে গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশ । এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।