
পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও ঢাকায় আসছেন গান শোনাতে। মেইন স্টেজের আয়োজনে তিনি আগামী ১৩ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা রেসিডেনশিয়াল এলাকায় মঞ্চে উঠবেন। একই অনুষ্ঠানে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড নেমেসিস এবং ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস।
আয়োজকদের ভাষ্য, এটি শুধুই একটি কনসার্ট নয়—তরুণদের জন্য এক বিশেষ আয়োজন। দক্ষিণ এশিয়ার সেরা শিল্পীদের একজন আতিফ আসলামের সঙ্গে দর্শকরা উপভোগ করবেন স্মরণীয় একটি রাত। তার সঙ্গে দেশীয় সংগীতশিল্পীদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও বর্ণিল করে তুলবে। অনলাইনে টিকিট বিক্রি চলছে চলোঘুড়ি প্ল্যাটফর্মে। আতিফের জনপ্রিয় গানগুলোর নাম অনুসারে তিনটি ক্যাটাগরিতে টিকিট বিক্রি হচ্ছে—দুরি এরিয়া (২,৪৯৯ টাকা), আদাত এরিয়া (৪,৯৯৯ টাকা) এবং পেহলি নাজার এরিয়া (৯,৯৯৯ টাকা)। এর মধ্যে আদাত এরিয়ার টিকিট ইতিমধ্যেই শেষ। আয়োজকেরা ধারণা করছেন, প্রায় ৩৫ হাজার দর্শক কনসার্টে অংশ নেবেন। আয়োজনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্সের মাধ্যমে টিকিট বিক্রির একটি অংশ বরাদ্দ থাকবে জুলাই আন্দোলনে আহত বা নিহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য। তবে সব প্রস্তুতি সত্ত্বেও কনসার্টটি নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। সম্প্রতি বিদেশি শিল্পীদের বেশ কয়েকটি কনসার্ট নিরাপত্তাজনিত কারণে প্রশাসনের অনুমতি না পাওয়ায় বাতিল হয়েছে। নভেম্বর-ডিসেম্বরে দেশি-বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজনের ঘোষণা দেওয়া হলেও ইতোমধ্যে তিনটি কনসার্ট স্থগিত করা হয়েছে। গত সপ্তাহে আতিফের কনসার্টও বাতিল হতে পারে এমন গুঞ্জন শোনা গেলেও আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ স্পষ্ট করেছে—নির্ধারিত সময়েই কনসার্ট অনুষ্ঠিত হবে।
এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, “ইভেন্টটি যেন নিয়মতান্ত্রিক ও নিরাপদভাবে সম্পন্ন হয়, সে জন্য আমরা সংশ্লিষ্ট সব সরকারি সংস্থার সঙ্গে নিয়ম মেনে কাজ করছি। তরুণদের এই ইতিবাচক উদ্যোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহযোগিতা করবে বলে আমরা আশাবাদী।”