
ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভাতে এক যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় সময় সোমবার মধ্যরাতের পর এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিয়ানো বলেন, ৩৪ যাত্রী বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কংক্রিটের ব্যারিয়ারে ধাক্কা খেয়ে পাশে ছিঁটকে পড়ে। বাসটি রাজধানী জাকার্তা থেকে প্রাচীন রাজ্য নগরী যোগ্যাকার্তা যাওয়ার পথে ছিল এবং সেমারাংগ শহরের ক্রাপিয়াক টোল ওয়েতে বাঁক নেওয়ার সময় উল্টে যায়।
বুদিয়ানো আরো জানান, ‘প্রচণ্ড ধাক্কার ফলে কয়েকজন যাত্রী বাসের ভেতর অনেক যাত্রী আহত হন।’ পুলিশ ও উদ্ধারকারী দল দুর্ঘটনার প্রায় ৪০ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছে এবং সেখানে ৬ জন যাত্রীর মরদেহ উদ্ধার করে। এ ছাড়া আরো ১০ জন পথিমধ্যে বা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুইটি নিকটস্থ হাসপাতালে চিকিৎসাধীন ১৮ জন আহতদের মধ্যে ৫ জনের অবস্থা সংকটজনক এবং ১৩ জনের অবস্থা গুরুতর।
টেলিভিশন সংবাদে দেখা গেছে, হলুদ বাসটি উল্টে পড়ে আছে এবং ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির কর্মী, পুলিশ ও পথচারীদের ঘিরে রাখা অবস্থায় অ্যাম্বুলেন্সে আহত ও মৃতদের স্থানান্তর করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি উচ্চ গতিতে চলছিল এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সেমারাংয়ের ড.কারিয়াদি জেনারেল হাসপাতালে পুলিশ প্রধান রিবুত হারি উইবোও বলেন, চালক গুরুতর আহত হলেও চিকিৎসাধীন অবস্থায় কথা বলতে সক্ষম ছিলেন। উল্লেখ্য, পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং আহত চালককে জিজ্ঞাসাবাদ করছে।
সূত্র: আরব নিউজ।