
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টা ৫৬ মিনিটে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। নানগ্রো আচেহ দারুসালাম প্রদেশের প্রায় ৬৩ কিলোমিটার দূরে ভূকম্পনটির উৎপত্তি, যা ভূমির মাত্র ১৪ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। কেন্দ্রস্থলের আশপাশের অনেক বাসিন্দাই স্পষ্টভাবে কম্পনটি টের পান।
ভূমিকম্প–তথ্য অনুসরণকারী সাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ইউরোপীয়–ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এবং জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) উভয়ই এটিকে ৬.২ মাত্রার বলে চিহ্নিত করেছে, যদিও প্রাথমিক প্রতিবেদনে ৬.৩ মাত্রা উল্লেখ করা হয়েছিল। তবে ভূমিকম্পটির কারণে বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই; কেবল জিনিসপত্র পড়ে যাওয়া বা জানালার কাচ ভেঙে যাওয়ার মতো স্বাভাবিক ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগের শুক্রবার বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে—যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম তীব্র অনুভূত কম্পন। কম্পনের তীব্রতায় আতঙ্কিত অনেক মানুষ ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন এবং অনেকেই ঘটনাটিকে নজিরবিহীন বলে বর্ণনা করেন। নরসিংদীকে কেন্দ্র করে ঘটে যাওয়া ওই ভূমিকম্পে সারাদেশে অন্তত ১০ জন নিহত ও কয়েকশ মানুষ আহত হয়।