
আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমান পরিস্থিতিতে অনেকে ‘সেফ এক্সিট’-এর কথা বললেও উপদেষ্টাদের কারও এমন প্রয়োজন নেই। বরং ভয়াবহ ও অসুস্থ রাষ্ট্রকাঠামো থেকে এই জাতিরই সেফ এক্সিট প্রয়োজন।
শনিবার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ–২০২৫’ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি এ কথা বলেন। আসিফ নজরুল বলেন, “বর্তমানে ‘সেফ এক্সিট’ নিয়ে নানা আলোচনা চলছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, উপদেষ্টা হিসেবে আমাদের কারও সেফ এক্সিটের দরকার নেই। কিন্তু এই রাষ্ট্রযন্ত্র—যেখানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটে, ব্যাংক লুট হয়ে সাধারণ মানুষের আমানত উধাও হয়ে যায়—সেখান থেকে আমাদের জাতিরই সেফ এক্সিট প্রয়োজন।”
তিনি আরও বলেন, “গত ৫৫ বছরে আমরা যে দুঃশাসনের চিত্র দেখেছি, তা থেকে মুক্ত হতে না পারলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।” সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও মানবাধিকারকর্মীরা।