উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৫ , ৫:২৪:৫৮ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে দূর্গম চরাঞ্চলে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা মতিয়ার রহমান (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুড়াবুড়ি বাজার থেকে আওয়ামীলীগ নেতা মতিয়ার রহমানকে গ্রেপ্তার করেন থানা পুলিশ। তিনি বুড়াবুড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন। গ্রেফতারকৃত মতিয়ার রহমান সরকারপাড়া গ্রামের জমসেদ আলীর ছেলে বলে জানা গেছে।
থানা পুলিশ জানায়, উপজেলার দুর্গম চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চরে গোপন বৈঠক করে ফ্যাসিস্ট আওয়ামীলীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করছিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা মতিয়ার রহমান সহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছিলে মতিয়ার সহ আওয়ামীলীগের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় মতিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

















