
কুড়িগ্রামের উলিপুরে সাহেরা বেগম (৭০) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এদিকে মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি সাহেরা খাতুন আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে, সোমবার (২২ সেপ্টেম্বর) পৌরসভার রামদাস ধনিরাম খেয়ারপাড় এলাকায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, খেয়ারপাড় এলাকার নুরুজ্জামানের স্ত্রী সাহেরা বেগম দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। সোমবার ভোরবেলা সাহেরা বেগমের ছোট ছেলে আলম মিয়ার স্ত্রী তার শাশুড়িকে রান্না ঘরে গলাকাটা অবস্থায় পরে থাকতে দেখেন। এ সময় তার ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। পরে থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেন। সাহেরা খাতুনের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবী করছেন পরিবারের সদস্যরা। নিহত সাহেরা খাতুনের দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার আত্মহত্যার দাবী করলেও ধারালো অস্ত্রে মৃত্যুর কারণ হওয়ায় বিষয়টি সন্দেহের সৃষ্টি হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।