
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ইউনেস্কোর তালিকাভুক্ত গ্রেটার ব্লু মাউন্টেইনস অঞ্চলে বিশ্বের প্রথম ‘রিটজ-কার্লটন লজ’ স্থাপন করছে এমিরেটস ও ম্যারিয়ট ইন্টারন্যাশনাল।
এমিরেটস ভলগান ভ্যালি নামে ৪০ কক্ষবিশিষ্ট এই আল্ট্রা-লাক্সারি অল-ইনক্লুসিভ রিট্রিটটি রিটজ-কার্লটন লজটি ৭,০০০ একর সংরক্ষিত প্রাকৃতিক অঞ্চলের মধ্যে গড়ে তোলা হচ্ছে। ২০২৬ সালের মাঝামাঝি সময়ে এটির উদ্বোধনের কথা রয়েছে।
২০০৬ সাল থেকে এমিরেটস প্রকল্পটিতে প্রায় ১৫০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বিনিয়োগ করেছে এবং ম্যারিয়টের সঙ্গে যৌথভাবে রূপান্তর কাজের জন্য অতিরিক্ত ৫০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। উন্নয়নকাজে আধুনিক নকশা ও বিশ্বমানের সেবার পাশাপাশি পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়া হবে। স্থানীয় বন্যপ্রাণী ও উদ্ভিদ সংরক্ষিত রাখার স্বার্থে এলাকার মাত্র ২ শতাংশেরও কম অংশ উন্নয়ন করা হবে । ইতোমধ্যে সংরক্ষণ কর্মসূচির আওতায় ১০ লাখের বেশি গাছ রোপণ করা হয়েছে।
এই লজ চালু হলে প্রায় ১৫০টি স্থানীয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং আঞ্চলিক সরবরাহকারীরা বিশেষভাবে উপকৃত হবেন। অতিথিরা চার-চাকা চালিত যান বা হেলিকপ্টারে লজে পৌঁছাতে পারবেন। সেখানে প্রকৃতিনির্ভর অভিজ্ঞতা, ব্যক্তিগত পুল-সমৃদ্ধ লজ, নির্মল রাতের আকাশের নিচে বিশেষ ‘স্লিপ-আউট’ অভিজ্ঞতা, স্পা, অশ্বারোহণ সুবিধা এবং বিশেষায়িত খাবার প্রস্তুতের আয়োজন থাকবে।
প্রকল্পটি নিউ সাউথ ওয়েলসে প্রিমিয়াম ও প্রকৃতি-নির্ভর পর্যটনের ক্রমবর্ধমান চাহিদার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।