
মেয়র মো. হানিফ ফ্লাইওভারের গুলিস্থান প্রান্তে কাউন্টারবিহীন ভাসমান গাড়ী যত্রতত্র দাঁড় করিয়ে যাত্রী সংগ্রহ করাতে যানজটের তৈরী হয়। আর এতে পুরো গুলিস্তানসহ ফ্লাইওভার জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের।
সরেজমিনে ফ্লাইওভারের গুলিস্থান প্রান্তে গিয়ে দেখা যায়, ঢাকা-গৌরিপুর ও ঢাকা-দাউদকান্দি রুটে চলাচলকারি পরিবহন টোল প্লাজার পূর্ব পাশে ফ্লাইওভারের নীচে পার্কিং করা। কিছুক্ষণ পরপর ওখান থেকে গাড়ী টোল অফিস হয়ে কাটা রাস্তা দিয়ে ঘুরানো হচ্ছে এতে পিছনে থাকা গাড়ী সামনে যেতে পারছে না। এছাড়া গুলিস্থান থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাওয়া কাউন্টার বিহীন ভাসমান গাড়ী রাস্তায় যাত্রী সংগ্রহে দাঁড়িয়ে থাকায় টোল প্লাজার গাড়ী ঘুরাতে গিয়ে ফ্লাইওভারে তৈরী হচ্ছে তীব্র যানজটের। প্রশাসনের নাকের ডগায় এ সকল অনিয়ম চলতে থাকলেও ভ্রুক্ষেপ করছেন না কেউ। এদিকে রুট পারমিট বিহীন ও নির্ধারিত রুটের বাইরের গাড়ী বিভিন্ন রুটে অবৈধ চলাচলে নিষেধাজ্ঞা চেয়ে মোবাইল কোর্ট পরিচালনার দাবি জানিয়েছে রাষ্ট্রীয়াত্ত্ব পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান বরাবরে পাঠানো ওই চিঠিতে রুট পারমিটবিহীন গাড়ী ও নির্ধারিত রুটের বাইরে পরিচালিত বাস পরিচালনা বন্ধে যৌথ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার অনুরোধ জানানো হয়েছে।
একই সাথে বিআরটিসির কাউন্টারে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য ব্যক্তি মালিকানাধীন অবৈধ রুট পারমিটবিহীন ও বিআরটিএ’র অনুমোদনবিহীন মদিনা পরিবহনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এতে আরো বলা হয়েছে মদিনা পরিবহন বিআরটিসি’র কাউন্টারের নিকটবর্র্র্তী স্থানে কাউন্টার স্থাপন করেই ক্ষান্ত হয়নি বরং তারা কাউন্টারের বাইরে ভাসমান গাড়ী দাঁড় করিয়ে যাত্রী সংগ্রহ করে যানজটের সৃষ্টি করছে। এতে পুরো গুলিস্তান জুড়ে তৈরি হয় যানজটের। যানজট নিরসনে রুট পারমিটবিহীন গাড়ী এবং নির্ধারিত রুটের বাইরে পরিচালিত গাড়ী পরিচালনা বন্ধ করার জন্য মোবাইল কোর্ট পরিচালনার কথা জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।