
সিরাজগঞ্জের কাজিপুরে অবৈধভাবে সার বিক্রির অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ঢেকুরিয়া ইকোপার্ক এলাকায় মেসার্স ভাই ভাই ট্রেডার্সে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।
এসময় ফিরোজ মাহমুদ (৩০) নামক এক কীটনাশক ব্যবসায়ীর দোকান থেকে টিএসপি, ইউরিয়া, এমওপি সার জব্দ করা হয়। তিনি ঢেকুরিয়া ইকোপার্ক এলাকার বাদশা মিয়ার পুত্র। জব্দকৃত সার তৎক্ষনাতভাবে উন্মুক্ত নিলামের মাধ্যমে সরকারি রেটে ডিলারদের মধ্যে বিক্রি করা হয়।
এ বিষয়ে গণমাধ্যমকে ইউএনও জানান,“গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। সরল স্বীকারোক্তি প্রদান ও অপরাধের উৎস সম্পর্কে তথ্য প্রদান করায় মানবিক দিক বিবেচনা করে সার বিক্রির অপরাধে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ এর ৮ ধারায় ওই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।”