কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি ৮ নভেম্বর ২০২৫ , ৭:৫৩:৩৯ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের কাপাসিয়া উপজেলা শাখা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলামের বিরুদ্ধে উদ্দেশ্যে প্রণোদিত মিথ্যা ষড়যন্ত্র মূলক সংবাদ প্রচার ও থানায় অভিযোগে তাঁর পরিবার সংবাদ সম্মেলন করেছেন। শনিবার বিকেলে কাপাসিয়া প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।
স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মো. সিরাজুল ইসলামের স্ত্রী তানিয়া আক্তার লিখিত বক্তব্যে জানান, তাঁর স্বামী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কাপাসিয়া উপজেলা শাখার সদস্য সচিব। গত ০৪ নভেম্বর তারিখে কাপাসিয়া থানাধীন রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর এলাকায় শ্রীপুর হইতে আগত সাংবাদিকদের উপর হামলার প্রেক্ষিতে সাংবাদিক মোজাহিদ বাদী হয়ে হত্যা চেষ্টার একটি লিখিত অভিযোগ করেন কাপাসিয়া থানায়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে ওই দিন আমার স্বামী গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ সাহেবের নির্বাচনী প্রচারণায় তাহার সাথে উপজেলার খিরাটী, ঘাগটিয়া ও সনমানিয়া এলাকায় সকাল সাড়ে দশটা হইতে রাত আটটা পর্যন্ত রাজনৈতিক সমাবেশে ছিল।
উক্ত রাজনীতিক সমাবেশে স্ব-শরীরে উপস্থিত থেকে সমাবেশের লাইভ ভিডিও আমার স্বামী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক আইডিতে) শেয়ার করেন। এতে প্রতীয়মান আমার স্বামী উক্ত ঘটনার সাথে জড়িত নয়। তথ্য যাচাই-বাছাই না করে একটি স্বার্থান্বেষী মহলের দেওয়া মিথ্যা তথ্যের ভিত্তিতে সম্পূর্ণ ষড়যন্ত্র মূলকভাবে আমার স্বামীকে আসামী করা হয়েছে। সঠিক তদন্ত করলে প্রকৃত সত্য বের হয়ে আসবে। আমার স্বামী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বিগত সৈরশাসকের আমলে হামলা মামলা শিকার হয়েছে। আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্বলিত একটি (ভিডিও) সংবাদ প্রচার করা হয়েছে।
এতে আমার স্বামী সহ আমার পরিবারের মানহানী ঘটেছে এবং আমার স্বামীকে দলীয় পদ হইতে বহিস্কার করা হয়েছে। যা অত্যান্ত দুখঃজনক ও কষ্টদায়ক। আমি আমার স্বামীর বিরুদ্ধে আনিত ষড়যন্ত্রমূলক মিথ্যা ও বানোয়াট তথ্য বিহীন সংবাদ প্রচার এবং অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার স্বামীর বিরুদ্ধে সকল মিথ্যা অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত পূর্বক ন্যায় বিচার দাবী সহ আমার স্বামীকে মিথ্যা অভিযোগের দায় হইতে অব্যাহতির দাবী জানাচ্ছি।
মামলার বাদী সাংবাদিক মোজাহিদ বলেন, সিরাজুল ইসলাম হামলার সময় উপস্থিত ছিলেন না। তাকে হুকুমের আসামী করা হয়েছে। তার নির্দেশে আমাদের উপর এই হামলা চালানো হয়েছে।
কাপাসিয়া থানার ওসি আব্দুল রব জানান, এ বিষয়ে কাপাসিয়া থানায় একটি মামলা হয়েছে। মামলাটি তদন্তনাধীন রয়েছে।

















