
ভারতীয় ক্রিকেটে এক যুগের আধিপত্যের পর ক্যারিয়ারের শেষ পর্যায়ে পৌঁছেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুজনের বয়সই এখন ৩৫-এর ওপরে এবং বর্তমানে তারা কেবল ওয়ানডে ফরম্যাটেই ভারতের হয়ে খেলছেন। এ পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের কেন্দ্রীয় চুক্তিতে বেতন কমানোর চিন্তা করছে বলে জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম। বিপরীতে নবনিযুক্ত অধিনায়ক শুবমান গিলের অবস্থান আরও উন্নত হতে পারে। এ মুহূর্তে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির এ+ ক্যাটাগরিতে রয়েছেন কোহলি, রোহিত, জসপ্রিত বুমরা ও রবীন্দ্র জাদেজা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর গত জুনে কোহলি-রোহিত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়েন, আর মে মাসে তারা বিদায় নেন টেস্ট ক্রিকেট থেকেও। গত মৌসুমে পুরোনো পারফরম্যান্সের ভিত্তিতে ‘এ+’ ধরে রাখা হলেও এবার টেস্ট না খেলার কারণে প্রত্যেকের বেতন ২ কোটি রুপি করে কমানোর প্রস্তাব উঠেছে বলে এনডিটিভি জানিয়েছে। ২২ ডিসেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের দাবি—এখন তারা মূলত ওয়ানডে ক্রিকেটার হওয়ায় দুজনকে ‘এ+’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে নামিয়ে আনা হতে পারে।
অন্যদিকে, পিটিআই জানায়, ভারতের ওয়ানডে ও টেস্ট দলের নতুন অধিনায়ক শুবমান গিলকে ‘এ’ থেকে ‘এ+’ ক্যাটাগরিতে উন্নীত করার সুপারিশ করা হয়েছে। ‘এ+’-এ বার্ষিক বেতন ৭ কোটি রুপি, আর ‘এ’ ক্যাটাগরিতে ৫ কোটি রুপি। ৩৮ ও ৩৭ বছর বয়সী রোহিত ও কোহলি এখনও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলার পরিকল্পনা করছেন বলে শোনা যাচ্ছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে হবে টুর্নামেন্টটি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে আবারও দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন দুই তারকা। কোহলি করেছেন ৩০২ রান, গড়ে ১৫১ ও স্ট্রাইক রেট ১১৭.০৫—যেখানে রয়েছে ২ সেঞ্চুরি ও ১ ফিফটি। রোহিতও করেছেন দুটি ফিফটি।