
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে “দেশের চাবি আপনার হাতে” প্রতিপাদ্য নিয়ে বিশেষ প্রচারণা চালাচ্ছে অন্তবর্তী সরকার। এ উপলক্ষে দেশব্যাপী জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বিশেষ প্রচারণা চালায় বিশেষায়িত যান ‘সুপার ক্যারাভান’।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গাছবাড়িয়া বাগদাদ মার্কেট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে সর্বস্তরের জনগণের উপস্থিতিতে এলইডি স্ক্রিনে গণভোট ও সংসদ নির্বাচন সংক্রান্ত ভিডিও প্রদর্শন করা হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্য ও প্রামাণ্যচিত্র এবং জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা প্রচার করা হয়।
এসময় চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা বলেন, “সাধারণ মানুষের মাঝে ভোটাধিকার ও গণভোটের প্রয়োজনীয়তা তুলে ধরাই এই প্রচারণার মূল লক্ষ্য। এই সুপার ক্যারাভান থেকে আগামী সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের ওপর প্রস্তাবিত গণভোটের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও এর তাৎপর্য জনসাধারণের সামনে তুলে ধরা হয়েছে। আধুনিক প্রযুক্তি ও তথ্য-সংবলিত ক্যারাভানটি নাগরিকদের ভোটাধিকার এবং রাষ্ট্রীয় সংস্কারের বিষয়ে সচেতন করতে সারাদেশে পরিভ্রমণ করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুস্থ, সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সবার সহযোগিতা জরুরি।”