সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ৬ নভেম্বর ২০২৫ , ৭:১৪:৩৭ প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবরশাহ ও পাহাড়তলী আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন জিয়াউর রহমানের প্রথম কবর জেয়ারত করার মধ্যেদিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার জোয়ারিয়া জোনাকী পাহাড়ে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি সেখানে মোনাজাতে অংশ নেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। মোনাজাতের সময় তিনি শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের প্রত্যয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় তিনি আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং দেশনেতা তারেক রহমান ও তার পরিবারের কল্যাণ কামনা করেন। এ সময় তাঁর সঙ্গে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি, সীতাকুণ্ড বিএনপি, যুবদল,ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।











