
চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ-উদ্দীপনার সঙ্গে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। ভোরে উপজেলা সদরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মহান বিজয় দিবসের কার্যক্রম শুরু করে উপজেলা প্রশাসন।
পুস্পস্তবক অর্পণ শেষে কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত পরিবেশন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা আকাশে অবমুক্ত করে দিবসের দ্বিতীয়ার্ধের কার্যক্রম হিসেবে পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর প্যারেড ডিসপ্লে ও কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। প্যারেড গ্রাউন্ডের সালাম গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন এবং থানার অফিসার ইনচার্জ মো. ইলিয়াছ খান পিপিএম।
পরে বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের অংশ হিসেবে কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে দেয়া বিজয় মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন।
এরপর আবৃত্তি, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগি এবং ডিসপ্লে ও কুচকাওয়াজে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে পুরষ্কার বিতরণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, উপহারসামগ্রী প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণকে রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি উত্তরীয় ও ক্যাপ পরিয়ে সম্মান প্রদর্শন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহারসামগ্রী প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী ও ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপির যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা। বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খান পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভূঞা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক, মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টাচার্য, আইসিটি কর্মকর্তা মো. এনামুল কবির, অ্যাকাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়, চন্দনাইশ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর কামরুল হাসান, আনসার ও ভিডিপি কর্মকর্তা জাকির হোসেন সহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।