
চট্টগ্রামের চন্দনাইশে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কল্যাণ মিত্র বড়ুয়ার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর আড়াইটার সময় তাঁর নিজ বাড়ি চন্দনাইশ পৌরসভার ৯নম্বর ওয়ার্ডস্থ গাছবাড়ীয়া বড়ুয়াপাড়া এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা কল্যান মিত্র বড়ুয়ার মরদেহে জাতীয় পতাকা জড়িয়ে দেন এবং পুষ্পস্তবক অর্পণ করেন।
চট্টগ্রাম জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) বাবুল এর নেতৃত্বে পুলিশ বাহিনীর চৌকসদল বিউগলের করুন সুর বাজিয়ে গার্ড অব অনার প্রদান করে। পরে বিকাল ৫টার সময় স্থানীয় শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা কল্যান মিত্র বড়ুয়া দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন। গত সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১টায় তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।