খেলাধুলা

চিকিৎসকের পরামর্শ অমান্য করে ইনজুরিতেই অনুশীলনে নেইমার

  প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৫ , ২:৪৭:৫৪ প্রিন্ট সংস্করণ

চিকিৎসকের পরামর্শ অমান্য করে ইনজুরিতেই অনুশীলনে নেইমার
ছবি : সংগৃহীত

ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র যেন চোটের সঙ্গেই পথ চলতে অভ্যস্ত। আবারও সেই হতাশার পুনরাবৃত্তি ঘটল। ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো স্পোর্তে জানিয়েছে, নতুন করে বাঁ পায়ের মেনিস্কাসে ইনজুরিতে ভুগছেন নেইমার। এই চোটের কারণে অনুশীলন চলাকালীন তাকে নিয়মিত ব্যথা ও অস্বস্তির মধ্য দিয়ে যেতে হচ্ছে।

চিকিৎসকেরা তাকে মাঠে না নামার নির্দেশ দিলেও নেইমার সেটি মানেননি। সান্তোসের পরামর্শ, ব্যক্তিগত মেডিকেল টিম এবং ক্লাব কর্তৃপক্ষ সবাই মিলে তাকে বিশ্রাম নিতে বলেছিলেন। এমনকি মেনিস্কাসের সমস্যা সারানোর জন্য দ্রুত অ্যান্থ্রোস্কপি সার্জারিরও পরামর্শ দেওয়া হয়, যা করালে পুরো ২০২৫ মৌসুমই তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে। এদিকে ব্রাজিলিয়ান লিগ সেরি ‘এ’-তে রেলিগেশনের মুখে থাকা সান্তোসের সামনে আছে আরও তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ। নেইমারের অংশগ্রহণ নিয়ে ব্যাপক অনিশ্চয়তা থাকলেও শুক্রবার (২৮ নভেম্বর) স্পোর্ট রেসিফের বিপক্ষে খেলতে আগ্রহী তিনি। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার সতীর্থদের সঙ্গে সপ্তাহের প্রথমবারের মতো অনুশীলনে যোগ দেন ১০ নম্বর জার্সিধারী এই তারকা। সান্তোস যদি শেষ তিন ম্যাচে ভালো ফল না পায়, তবে তাদের নামতে হবে দ্বিতীয় স্তরের সেরি ‘বি’ লিগে। তাই বড় ধরনের চোটের ঝুঁকি থাকা সত্ত্বেও নেইমার খেলতে চাইছেন। এর আগে বুধবার সান্তোস সভাপতি মারসেলো টেক্সেইরা জানিয়েছেন, নেইমারের হাঁটুর অবস্থা জানতে বেশ কয়েকটি নিয়মিত পরীক্ষা প্রয়োজন হবে। ইতোমধ্যে বাঁ হাঁটুর সুরক্ষা ব্যান্ড পরে অনুশীলনও করেছেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। গণমাধ্যমের প্রশ্ন এড়াতে তিনি সতীর্থদের আগেই মাঠ ছাড়েন। বর্তমান অবস্থায় অ্যান্থ্রোস্কপি না করালে নেইমারের চোট আরও গুরুতর হয়ে উঠতে পারে। বিপরীতে সার্জারি করালে অন্তত এক মাস পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হবে—যা তার জন্যও বড় ধাক্কা। কারণ ২০২৬ বিশ্বকাপ দলে জায়গা পেতে হলে তাকে সম্পূর্ণ ফিট থাকতে হবে বলে স্পষ্ট জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। নতুন এই চোট তাই তার বিশ্বকাপ স্বপ্নের ওপরও চাপ তৈরি করছে।

২০২৫ সালে এখন পর্যন্ত চারবার ইনজুরিতে পড়েছেন নেইমার। জানুয়ারিতে সান্তোসে যোগ দেওয়ার পর মার্চে ঊরুর চোটে পোলিস্তা লিগের সেমিফাইনাল মিস করেন। এরপর এপ্রিলে আবারও একই জায়গায় চোট পান। সেপ্টেম্বরে ডান পায়ের গ্রেড-২ ইনজুরি এবং সর্বশেষ নভেম্বরে বাঁ হাঁটুর মেনিস্কাস ইনজুরির কারণে তিনি পুরো বছর জুড়েই বারবার মাঠে ফিরতে লড়াই করেছেন। সব মিলিয়ে ২০২৪ মৌসুমে মাত্র ২৫টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি, গোল করেছেন ৭টি—যা তার চুক্তি নবায়নেও নেতিবাচক প্রভাব ফেলছে।

আরও খবর

Sponsered content