
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: দেশের জনগণ আজ ন্যায্য অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও কার্যকর গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে পরিবর্তনের অপেক্ষায় রয়েছে- এমন মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনে বিএনপির প্রার্থী ভিপি আইনুল হক।
সোমবার বিকেল ৪টায় রায়গঞ্জ উপজেলার ভূঁয়াগাঁতী গোলচত্বরে আয়োজিত ধানের শীষের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার ছাড়া আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের কণ্ঠস্বর নিরাপদ করা সম্ভব নয়। কাগুজে প্রতিশ্রুতি নয়, বাস্তব গণতন্ত্রই দেশকে সঠিক পথে এগিয়ে নিতে পারে।
ভিপি আইনুল হক আরও জানান, নির্বাচিত হলে দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বল্প ব্যয়ে চিকিৎসা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে তিনি মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, এসব অপরাধের বিরুদ্ধে কোনো আপস নয়- জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি নেতাকর্মীদের শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও ঐক্যবদ্ধভাবে গণসংযোগ জোরদার করার নির্দেশ দেন।
রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যৌথভাবে সঞ্চালনা করেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় টিমের সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এছাড়াও বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, জেলা বিএনপির উপদেষ্টা প্রকৌশলী কামাল হোসেন, জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেনিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।