
প্রাইম ব্যাংক পিএলসি এবং দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান জেবিএস হোল্ডিংস লিমিটেড-এর মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) ঢাকায় জেবিএস হোল্ডিংসের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সই হয়। এর ফলে এখন থেকে প্রাইম ব্যাংকের গ্রাহকরা জেবিএস হোল্ডিংস লিমিটেড থেকে ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে বিশেষ মূল্য ছাড় উপভোগ করতে পারবেন।
এই চুক্তির আওতায় গ্রাহকরা আবাসন খাতে বিনিয়োগের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন, যা তাদের প্রিমিয়াম রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগের সুযোগকে আরও সহজলভ্য করবে। অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং জেবিএস হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হক।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, জেবিএস হোল্ডিংসের জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. বেলায়েত হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের লাইফস্টাইলভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে, যা গ্রাহকদের স্বপ্নের নীড় গড়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।