
চট্টগ্রামের কর্ণফুলী টানেলে আগামী ছয় দিন নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করবে। বুধবার কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) গোলাম সামদানী হিমেল বিষয়টি নিশ্চিত করেন। রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ নিয়ন্ত্রিত যান চলাচল বলেও তিনি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করবে। এ সময়ে প্রয়োজন অনুযায়ী কখনও ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ অথবা কখনও ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউবে ট্রাফিক ডাইভারসনের ব্যবস্থা করা হবে। রক্ষণাবেক্ষণ চলাকালে বিদ্যমান ট্রাফিকের পরিমাণ অনুযায়ী যাত্রীদের উভয়মুখে সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৯ অক্টোবর টানেল উদ্বোধনের পর যানবাহন চলাচল উন্মুক্ত করা হয়। জরুরী রক্ষণাবেক্ষণ প্রয়োজন হলে মাঝে মধ্যে এভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করে কর্তৃপক্ষ। তাই এটাকে স্বাভাবিক রুটিন ওয়ার্ক হিসেবে চলাচলকারীদের সাময়িক অসুবিধাকে মেনে নেয়ার আহবান জানানো হয়েছে।