
নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নে অভিযান চালিয়ে ১৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডলসহ বিপ্লব ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত ১১ই ডিসেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ডোমার থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোমনাতীর পন্ডিত পাড়ায় জনৈক বিকাশ চন্দ্রের সেচ পাম্পের সংরক্ষিত স্থানে মাদক ক্রয়-বিক্রয়ের তথ্য পেয়ে পুলিশ সদস্যরা সেখানে ঘেরাও অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে বিপ্লব ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করলে বিশেষভাবে প্যাকেটজাত ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডোমার থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুল্লাহ জানান, গ্রেফতারকৃত বিপ্লব ইসলামের বিরুদ্ধে পূর্বেও মাদকসংক্রান্ত অভিযোগ ছিল। নতুন করে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।