
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে মা সমাবেশ ও ফলাফল ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কচির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পিটিএ সভাপতি বিদ্যুৎ কান্তি দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেধাবী অভিভাবক সদস্য শেখর গুহ, নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রুমা চৌধুরী সশি, বিদ্যালয়ের শিক্ষক দোদুল চাঁপা দে, মোহাম্মদ গিয়াস উদ্দিন, সাংবাদিক মিজান বিন তাহের, শিব্বির আহমদ রানা ও তাফহিমুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য রাখেন অভিভাবক মা সদস্য রুপশ্রী দেব দাশ, চম্পা দেবসহ অনেকে। বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, সুশৃঙ্খল পরিবেশে শিক্ষা অর্জন এবং অভিভাবকদের সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, অভিভাবক ও শিক্ষকের যৌথ উদ্যোগই একটি শিশুকে সুশিক্ষায় গড়ে তুলতে পারে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাম্প্রতিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোহাম্মদ কচির উদ্দিন মা সমাবেশে আগত অতিথি ও অভিভাবকদের ধন্যবাদ জানান এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে সবার সহযোগিতা কামনা করেন।