
দিনাজপুরে ৬’টি সংসদীয় আসনে ১৩’তম জাতীয় সংসদ নির্বাচনে ৪২ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ এবং ৫’টি মনোনয়ন পত্র বাতিল ও একটি মনোনয়ন পত্র স্থগিত করা হয়েছে।
দিনাজপুরে উৎসব মুখর পরিবেশে গত ২ জানুয়ারী থেকে রোববার ৪ জানুয়ারী বিকাল সাড়ে ৩ টা পযন্ত ১৩’তম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে ৪২’টি মনোনয়ন পত্র বৈধ এবং ৫’টি মনোনয়ন পত্র বাতিল ও একটি মনোনয়ন পত্র স্থগিত ঘোষণা করা হয়েছে।
রোববার বিকাল ৪ টায় দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,জেলার ৬’টি সংসদীয় আসনে ৪৮ জন প্রার্থী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন।এর মধ্যে দলীয় মনোনয়ন পেয়ে বিএনপি’র ৭ জন, জামায়াতের ৬ জন, এনসিপি’র ১ জন, জাতীয় পার্টির ৬ জন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের ৬ জন, খেলাফত মজলিসের ৩ জনসহ বাংলাদেশ কমিউনিস্ট পার্টির, মুসলিম লীগসহ বিভিন্ন দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এই ৬’টি আসনে যাচাই- বাছাইয়ে ৪২’টি মনোনয়ন পত্র বৈধ, ৫টি মনোনয়ন পত্র বাতিল ও একটি মনোনয়ন পত্র স্থগিত করা হয়েছে।
মনোনয়নপত্র দাখিলকৃত প্রার্থীদের মধ্য, দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল), এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৭ জন প্রার্থী। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. মনজুরুল হক চৌধুরী মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। অপর ৬ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি’র প্রার্থী আলহাজ্ব মনজুরুল ইসলাম, জামায়াতে ইসলামীর মো. মতিউর রহমান, জাতীয় পার্টির শাহীনুর ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী এডভোকেট মো. চাঁন মিয়া ও জাকের পার্টির প্রার্থী রঘুনাথ চন্দ্র রায়, এবং গণ অধিকার পরিষদের মো. রিজুওয়ানুল ইসলাম।
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) :
এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৯ জন প্রার্থী। এই আসনে ৯ জন প্রার্থী প্রত্যেকে বৈধ ঘোষণা করা হয়েছে। এরা হলেন, বিএনপির প্রার্থী মো. সাদিক রিয়াজ পিনাক চৌধুরী, জামায়াতে ইসলামীর একেএম আফজালুল আনাম, জাতীয় পার্টির মো. জুলফিকার হোসেন, জাতীয় পার্টি-জেপি’র সুধীর চন্দ্র শীল, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহাম্মাদ রেদওয়ানুল কারীম রাবিদ, বাংলাদেশ মুসলীম লীগের মো. মোকারম হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জোবায়ের সাঈদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আ.ন.ম বজলুর রশিদ ও স্বতন্ত্র প্রার্থী আনোয়ার চৌধুরী জীবন।
দিনাজপুর-৩ (সদর) :
এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী। এদের মধ্যে একজন কমিউনিস্ট পার্টির প্রার্থী অমৃত রায়ের মনোনয়ন পত্র বাতিল ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মৃত্যু বরণ করায় তার মনোনয়ন পত্র স্থগিত করা হয়েছে। অপর ৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি’র সৈয়দ জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামীর মো. মাঈনুল আলম, জাতীয় পার্টির আহম্মেদ শফি রুবেল, জনতার দলের মো. রবিউল ইসলাম, ইসলামী আন্দোলনের মো. খাইরুজ্জামান, বাসদের মো. কিবরিয়া হোসেন, বাংলাদেশ মুসলীম লীগের লায়লাতুল রিমা, এবং খেলাফত মজলিসের মো. রেজাউল করিম।
দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) :
এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪ জন প্রার্থী। এই ৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হচ্ছেন-বিএনপি’র প্রার্থী মো. আক্তারুজ্জামান মিয়া, জামায়াত ইসলামের মো. আফতাবউদ্দীন মোল্লা, জাতীয় পার্টির মো. নুরুল আমিন শাহ ও ইসলামী আন্দোলনের মো. আনোয়ার হোসাইন।
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) :
এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী। এদের মধ্যে মধ্যে একজন আমজনতা দলের মো. ইব্রাহিম আলী মন্ডল মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। অপর ৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির একেএম কামরুজ্জামান, জামায়াতের মো. আনোয়ার হোসেন, এনসিপি’র ডা. আব্দুল আহাদ, জাতীয় পার্টির মো. কাজী আব্দুল গফুর, খেলাফত মজলিসের মো. আব্দুল কাদের চৌধুরী। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি ২ জন নেতা। এরা হলেন-পার্বতীপুর উপজেলা বিএনপি সভাপতি এজেডএম রেজওয়ানুল হক ও বিএনপি নেতা জাকারিয়া বাচ্চু। এছাড়াও মনোনয়নপত্র দাখিল করেছেন স্বতন্ত্র প্রার্থী মো. হযরত আলী বেলাল ও মো. রুস্তম আলী।
দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) :
এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ৮ জন। এদের মধ্যে ২ জন স্বতন্ত্র প্রার্থী মো. শাহনেওয়াজ ফিরোজ শুভ ও শাহ মো. আব্দুল্লাহ মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। অপর ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি’র ডা. এজেডএম জাহিদ হোসেন, জামায়াতে ইসলামীর আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির মো. রেজাউল হক, এবি পার্টির মো. আব্দুল হক, ইসলামী আন্দোলনের মো. নুর আলম সিদ্দিক, এবং বাসদের মো. আব্দুল হাকিম।