
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর (সদর) -৩ আসনে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র দিনাজপুর জেলা বিএনপি বুধবার সংগ্রহ করেছেন। দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো: রফিকুল ইসলাম মনোনয়নপত্র প্রদান করেন।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, শহর বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন বকুল, সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিকসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল কৃষক দলসহ সহযোগী ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সংক্ষিপ্ত এক বক্তব্যে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, দীর্ঘ ১৭ বছর দিনাজপুরের মানুষ অধিকার ও উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিনাজপুরের কন্যা হিসেবে আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন। অধিকার ও উন্নয়ন বঞ্চিত দিনাজপুরের মানুষের আশা আকাক্সক্ষা প্রত্যাশা পূরণ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।