
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে চাগাচর নাথ পাড়া, হাজারী বাড়ি, জামিজুরী জাগরণ ক্লাব পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। রাতের বেলায় উপজেলা নির্বাহী অফিসারের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে পূজামন্ডপের নেতৃবৃন্দ খুশি হন। ইউএনও রাজিব হোসেন উপস্থিত সবার সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করার পাশাপাশি পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
এসময় ইউএনও রাজিব হোসেন বলেন, “শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মন্ডপে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি খুবই ভালো আছে। অপ্রীতিকর যে কোন পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী, পুলিশ, আনসার-ভিডিপি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।” তিনি আশাবাদী সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নেই পূজা উদযাপন করতে পারবেন।
পরিদর্শনকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরামের দপ্তর ও প্রচার সম্পাদক সাংবাদিক জাবের বিন রহমান আরজু, আমিন উল্লাহ্ টিপু এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।