লালপুর (নাটোর) প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৫ , ৭:৫২:১৬ প্রিন্ট সংস্করণ
ধানের শীষে ভোট দিলে লালপুর-বাগাতিপাড়ার সমস্ত কাঁচা রাস্তা পাকাকরণ করা হবে বলে ভোটারদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও মিডিয়া সেলের সদস্য, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুল। এ সময় তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় বেশিরভাগ রাস্তা চলাচলের অযোগ্য।
বিগত ১৭ বছর এই এলাকার কোনো উন্নয়ন হয়নি। বিশেষ করে রাস্তাঘাটের কোনোই উন্নয়ন হয়নি।আমার বাবা মরহুম ফজলুর রহমান পটল যোগাযোগ প্রতিমন্ত্রী থাকা অবস্থায় অসংখ্য কাঁচা রাস্তা পাকাকরণ করা হয়েছে। কিন্তু তার পর স্বৈরাচার হাসিনার আমলে যোগাযোগ ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়ে। বিএনপি আমাকে আমার বাবার মতই কাজ করার সুযোগ করে দিয়েছে। আমাকে ধানের শীষের প্রার্থী করে আপনাদের মাঝে পাঠিয়েছেন। আপনারা আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে একটা রাস্তাও কাঁচা রাখবোনা।
কারণ, একটা এলাকার উন্নয়নের প্রধান শর্ত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটানো। আমি নির্বাচিত হলে এই কাজটি সর্বপ্রথম করবো।মঙ্গলবার দুপুরে লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভোট প্রার্থনা করার সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ভোটারবিহীন সরকার কখনো জনগনের কল্যাণে কাজ করেনা। বিগত ১৭ বছর গায়ের জোরে ক্ষমতা দখল করে রেখেছিলো শেখ হাসিনা। আপনাদের ভোটাধিকার হরণ করে জোর করে ক্ষমতা দখল করেছিলো। দেশের উন্নয়ন না করে নিজেদের উন্নয়ন করে জনরোষে দেশ থেকে পালিয়ে গেছে।
কিন্তু বিএনপি গনতন্ত্রে বিশ্বাসী। গায়ের জোরে ক্ষমতা দখলের ইতিহাস বিএনপির নাই। আমি আজ বিএনপির প্রতিনিধি হিসেবে ধানের শীষের ভোট প্রার্থনা করতে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের কাছে নিতে এসেছি। আপনারা সুযোগ দিলে এরপর পাঁচ বছর আপনাদের শুধু দিতে আসবো। আপনারা আমাকে একদিন ভোট উপহার দিবেন,আমি আপনাদের পাঁচ বছর উন্নয়ন উপহার দিবো। বিগত স্বৈরাচার সরকারের আমলে কোনো উন্নয়ন হয়নি। কারো চাকরি হয়নি। আমি আজ কথা দিয়ে যাচ্ছি। আমি এই এলাকায় শিল্প কারখানা করে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো।
আপনাদের কষ্ট করে বিদেশে যাওয়া লাগবে না। বাড়িতে থেকেই চাকরি করতে পারবেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ পাপ্পু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িায়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিক আলী মিস্টু,গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম, উপজেলা যুবদলের সদস্য ও সহকারী অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন, ওয়ালিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম আরশ প্রমুখ।











