
বগুড়ার ধুনটে আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ককটেল হামলার অভিযোগে করা মামলায় আনোয়ার হোসেন পেনু মল্লিক (৫২) নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুর ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। আনোয়ার হোসেন উপজেলার দেউড়িয়া গ্রামের জেল হোসেনের ছেলে এবং গোপালনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। এরআগে শুক্রবার সন্ধ্যায় গোপালনগর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ৩০ নভেম্বর রাত প্রায় ২টায় চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করেন। মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই এলাকায় জনমনে আতংক সৃষ্টি করে।
এ ঘটনায় ১০ ডিসেম্বর উপজেলার গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদি হয়ে ৩৫ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আনোয়ার হোসেন পেনুকে গ্রেফতার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।