
বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ককটেল হামলার অভিযোগে করা মামলায় সাকিব শাহারিয়ার খান বিজয় (৩০) নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুর ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সাকিব শাহারিয়ার খান বিজয় পৌর এলাকার পশ্চিমভরনশাহী গ্রামের জাহিদুল ইসলাম খান আজাদের ছেলে এবং ধুনট পৌর ছাত্রলীগের সভাপতি। এরআগে শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ৩০ নভেম্বর রাত প্রায় ২টায় চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করেন। মিছিলকারীরা জয় বাংলা শ্লোগান দিয়ে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ককটেল হামলা চালিয়ে ওই এলাকায় জনমনে আতংক সৃষ্টি করে।
এ ঘটনায় ১০ ডিসেম্বর উপজেলার গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদি হয়ে ৩৫ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে সাকিব খানকে গ্রেফতার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।