
বগুড়ার ধুনট শহরের ডাইম ভবন নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের দ্বিতীয় তলায় নির্মানাধীন দোকানঘরে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বৃত্তরা। এসময় ককটেলের বিকট শব্দে ওই ভবনের ব্যবসায়ীদের মাঝে চরম আতংক বিরাজ করছে। শনিবার দুপুর সোয়া ১২টায় এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ডাইম ভবনের নীচতলায় কমপক্ষে ১০টি দোকানে বেচাকেনা করছিলেন ব্যবসায়ীরা। এ অবস্থায় দুপুর সোয়া ১২টায় ভবনের দ্বিতীয় তলায় নির্মানাধীন একটি দোকানঘরের ভেতর কে বা কারা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। হঠাৎ করে বিকট শব্দে নীচতলার ব্যবসায়ীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত দ্বিতীয় তলায় গিয়ে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত হন। সংবাদ পেয়ে পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে উদ্ধর্তন পুলিশ কর্মকর্তা সহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ককটেলের আলামত জব্দ করা হয়েছে। ওই ভবনের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষন করা হচ্ছে। অপরাধীদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। পুলিশের একটি টিম বিষয়টি নিয়ে কাজ করছেন।