
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধের জের ধরে বাড়ির যাতায়াতের রাস্তা বেদখল করে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে প্রতিপেক্ষর বিরুদ্ধে। এতে ১০টি পরিবারের কমপক্ষে অর্ধশত মানুষের যোগাযোগ ব্যবস্থার চরম বিপর্যয় ঘটেছে।
এ ঘটনায় রোববার বিকেল ৪টায় ভুক্তভোগী পরিবার গুলোর পক্ষে সাইফুল ইসলাম বাদি হয়ে ধুনট থানা, সহকারী কমিশনার (ভুমি) ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন। সাইফুল ইসলাম উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ইসলামপুর-ঈশ্বরঘাট গ্রামের আব্দুর রশিদ মন্ডলের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, সাইফুল ইসলামের সঙ্গে প্রতিবেশী আশাদুল ইসলাম ও খোকা মিয়ার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। আশাদুল ও খোকার বাড়ির পাশে সাইফুল ইসলামের ৫ শতক জমি রয়েছে। ওই জমির ভেতর দিয়ে পায়ে হাটার রাস্তা নির্মান করেছেন সাইফুল ইসলাম। ওই রাস্তা দিয়ে প্রায় ৪০ বছর ধরে সাইফুল, মোজাফ্ফর, লুৎফর রহমান, মিজানুর, নয়ন, আশরাফুল সহ ১০টি পরিবারের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যাতায়াত করেছেন।
এ অবস্থায় প্রতিবেশী আশাদুল ইসলাম ও খোকা মিয়া পূর্ব বিরোধের জের ধরে সাইফুলের পরিবার সহ ১০ পরিবারের যাতায়াতের রাস্তা দখল করে ঘর নির্মান করেছে। ফলে প্রায় দুই মাস ধরে ওই রাস্তা দিয়ে ১০ পরিবারের লোকজন যাতায়াত করতে পারছেন না। পরিবার গুলোর স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে গেছে। মোটরসাইকেল, অটোরিকশা ও ভ্যান চালানো সম্ভব হচ্ছে না।
এছাড়া গরু ছাগল মাঠে নিয়ে যাওয়া-আসা, কৃষিপণ্য পরিবহন সহ সব ধরনের সমস্যার পড়েছেন পরিবারগুলো। এ সমস্যার প্রতিকার চেয়ে সাইফুল ইসলাম বাদি হয়ে আশাদুল ইসলাম ও খোকা মিয়া নামে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত আশাদুল ইসলাম বলেন, এটি সরকারি কোন রাস্তা নয়, আমাদের জমির ভেতর দিয়ে তাদের যাতায়াত করতে দিয়েছিলাম। কিন্ত কারণে অকারণে বিরোধ করায় আমাদের জায়গায় আমারা কলা গাছ লাগিয়েছে এবং ঘর উত্তোলন করেছি। এছাড়া তাদের বাড়িতে যাতায়াতের বিকল্প রাস্তাও রয়েছে।
ধুনট থানার এএসআই শাহজাহান আলী বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। উর্দ্ধতন কর্মকর্তা সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।