
আদিত্য ধর পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’-কে ঘিরে নতুন করে বিতর্কের আগুন জ্বলেছে হৃতিক রোশানের মন্তব্যে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে তিনি ছবিটি নিয়ে নিজের মতামত তুলে ধরেন—যেখানে প্রশংসা ও আপত্তি দুটিই রয়েছে।
রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে শুরু থেকেই আলোচনায় ছিল ‘ধুরন্ধর’। ছবিটি বক্স-অফিসে সাফল্যের ঝড় তুললেও এর কনটেন্ট বারবার বিতর্কের জন্ম দিয়েছে। এর মাঝে হৃতিকের পোস্ট বিষয়টিকে আরও উত্তপ্ত করেছে। হৃতিক লেখেন, “আমি সিনেমাকে ভালোবাসি। যারা গল্পকে সামনে রেখে ছবি বানান, তাদের আরও বেশি ভালোবাসি। ‘ধুরন্ধর’ ঠিক তেমনই—গল্প বলার ধরন সত্যিই দুর্দান্ত। এটাই তো সিনেমা।” তবে ছবিতে দেখানো রাজনীতির সঙ্গে নিজের অমতের কথা খুব স্পষ্টভাবেই জানান তিনি। তার ভাষায়, “ছবির রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে আমি হয়তো একমত না। চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমাদের বিশ্ব নাগরিকদের প্রতি কিছু দায়িত্ব থাকে—সেটা নিয়েও আলাপ হতে পারে।” তিনি আরও যোগ করেন, “তবুও একজন সিনেমার ছাত্র হিসেবে এই ছবির নির্মাণশৈলী আমাকে অনেক কিছু শিখিয়েছে। অসাধারণ সৃষ্টি।”
হৃতিকের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এক নেটিজেন লিখেছেন, “হৃতিকের মতামত কেউ সাহসী বলতে পারেন, কেউ সমর্থনও করতে পারেন। কিন্তু এর মাধ্যমে তিনি দেশের বহু মানুষের চোখে নিজেকে ছোট করে ফেলেছেন।”