
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের সময় শহরের বিভিন্ন স্থানে সংঘটিত নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রলীগের সহসভাপতি আবিদ আল হাসান সৈকত ও উপজেলা ছাত্রলীগ–যুবলীগের সাবেক নেতা জহুরুল ইসলাম ভুট্টুকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ও রাতে শহরের আড়াইআনী বাজার এলাকার অগ্রদূত সংঘ এবং উত্তর বাজারে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জহুরুল ইসলাম ভুট্টু উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের পরপরই শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এসব ঘটনায় আওয়ামী লীগের কয়েকজন নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।