নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৫ , ৭:৪৫:৫৪ প্রিন্ট সংস্করণ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার একটি মসজিদে হামলা, ভাংচুর ও ইমামসহ মুসল্লিদের মারধরের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে শেরপুর শহরের নয়ানী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি গ্রামের জহিরুল ইসলামের দুই ছেলে উমর ফারুক ওরফে ফারুক পাগলা (৩৫) এবং ফরহাদ হোসেন (২৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার উত্তর বাতকুচি ফরেস্ট অফিস সংলগ্ন বাইতুল নূর জামে মসজিদে এ হামলার ঘটনা ঘটে। সেদিন মদ্যপ অবস্থায় উমর ফারুক, ফরহাদ হোসেন ও রুবেল নামে তিনজন মসজিদে প্রবেশ করে ইমাম শফিকুল ইসলামের উদ্দেশ্যে হুমকি দিয়ে বলেন, ‘আজ থেকে এই মসজিদে আযান দেওয়া যাবে না, আমাদের অনুমতি ছাড়া আযান হবে না।’
ইমাম প্রতিবাদ করলে তারা ভয়ভীতি প্রদর্শন করে এবং পরে মসজিদের ভেতরে ঢুকে মাইক সেট, বৈদ্যুতিক বোর্ড, টিনের বেড়া ও অন্যান্য জিনিসপত্র ভাংচুর করে। এসময় মুসল্লি হাবিবুর রহমান ও কাজল মিয়া বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আশরাফ আলী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, “ঘটনার পর মঙ্গলবার সকালে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”











