
শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মাজেদা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে নালিতাবাড়ী–শেরপুর মহাসড়কের সন্ন্যাসীভিটা ব্রিজ সংলগ্ন এলাকায় একটি মাহিন্দ্রা ট্রাক্টরের চাপায় তিনি প্রাণ হারান।
নিহত মাজেদা বেগম নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের সন্ন্যাসীভিটা এলাকার বাসিন্দা। তিনি হাদিউল ইসলামের স্ত্রী এবং চার সন্তানের মা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মাজেদা বেগম বাড়ির সামনে থেকে বের হয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় নালিতাবাড়ী অভিমুখী একটি দ্রুতগতির মাহিন্দ্রা ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাক্টরটি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।