প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৫ , ২:১১:৫৪ প্রিন্ট সংস্করণ
ভোটারদের জন্য নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সিইসি জানান, সকলের জন্য সমান প্রতিযোগিতার পরিবেশ—লেভেল প্লেয়িং ফিল্ড—নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শ বিবেচনায় নেবে কমিশন। তিনি বলেন, “নির্বাচনী আচরণবিধি সঠিকভাবে অনুসরণ করা সুষ্ঠু নির্বাচনের মূল ভিত্তি। তাই দলগুলোকে আচরণবিধি মেনে চলতে হবে।” তিনি আরও বলেন, “খুব দ্রুতই আমরা নির্বাচনের মুখোমুখি হচ্ছি। এই নির্বাচনকে গ্রহণযোগ্য, স্বচ্ছ ও শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোর সক্রিয় সহযোগিতা প্রয়োজন। কমিশন সবার জন্য সমান পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর।”
ইসি সূত্র জানিয়েছে, আজ দুপুর ১২টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আলোচনা হবে। এর আগেই গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। প্রথম দিন সকাল ও দুপুরে ১২টি দলের সঙ্গে আলোচনা হয়। আজ সংলাপের দ্বিতীয় দিন।





