
পিরোজপুর প্রতিনিধি: যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী পাটিকেলবাড়ি দরগাহ শরিফ (ওয়াক্ফ এস্টেট)-এর ৪৮তম পবিত্র উরস শরিফ ও সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, প্রায় আড়াই শতাব্দী পূর্বে এই অঞ্চলে ইসলামি আধ্যাত্মিক জাগরণ সৃষ্টি করেন প্রখ্যাত সুফি সাধক হযরত ফকির আদু শাহ আওয়ালিয়া (রহ.)। তিনি ছিলেন তাসাউফ, ইবাদত-বন্দেগি ও মানবসেবায় নিবেদিতপ্রান এক আধ্যাত্মিক ব্যক্তিত্ব। স্থানীয় জনশ্রুতি ও ঐতিহাসিক বর্ণনায় জানা যায়, তাঁর হাত ধরেই এ অঞ্চলে সুন্নী মতাদর্শ ও শরিয়ত-তরিকতের শিক্ষা সুপ্রতিষ্ঠিত হয়।
ফকির আদু শাহ আওয়ালিয়া (রহ.) মানুষের মধ্যে নৈতিকতা, সাম্য, ভ্রাতৃত্ববোধ ও আল্লাহভীতি জাগ্রত করতে নিরলস সাধনা করেন। তাঁর খানকাহ ছিল জ্ঞানচর্চা, ইবাদত ও মানবকল্যাণের কেন্দ্রস্থল। আজও তাঁর প্রতিষ্ঠিত দরবার শরিফে অসংখ্য ভক্ত-আশেকান সমবেত হয়ে আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক প্রশান্তি লাভ করেন।
উপজেলার গুয়ারেখা ইউনিয়নের পাটিকেলবাড়ি দরগাহ শরিফ বর্তমানে একটি স্বীকৃত ওয়াক্ফ এস্টেট হিসেবে পরিচালিত হচ্ছে। উরস শরিফ উপলক্ষে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা এখানে সমবেত হন, যা এলাকাবাসীর জন্য এক আধ্যাত্মিক মিলনমেলায় পরিণত হয়।
উরস শরিফ মূলত একজন ওলির ইন্তেকালের দিবসকে স্মরণ করে তাঁর আধ্যাত্মিক আদর্শ পুনরুজ্জীবিত করার একটি আয়োজন। এ উপলক্ষে গত সোমবার আয়োজিত সুন্নী সম্মেলনে দেশের প্রখ্যাত আলেম-ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ ওয়াজ-নসিহত পেশ করেন। বক্তারা সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা, দ্বীনের সঠিক চর্চা ও বিভ্রান্তি থেকে দূরে থাকার আহবান জানান।
সংশ্লিষ্টরা জানান, দরগাহ শরিফের বর্তমান মুতাওয়াল্লি ফকির নাসির উদ্দিন ফকির দীর্ঘদিন ধরে এই ঐতিহ্যবাহী দরবারের তত্ত্বাবধান করে আসছেন।
তাঁর নেতৃত্বে দরগাহর ধর্মীয় কার্যক্রম, ওয়াক্ফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও সামাজিক সেবামূলক উদ্যোগ সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। তিনি দরগাহ শরিফকে কেবল আধ্যাত্মিক কেন্দ্র হিসেবেই নয়, বরং সামাজিক ঐক্য ও মানবকল্যাণের একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে মিলাদ, কিয়াম, বিশেষ দোয়া ও তবারক বিতরণের মাধ্যমে উরস শরিফের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে আগত আলেম-ওলামা, অতিথিবৃন্দ ও সর্বস্তরের ভক্ত-আশেকানদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।