
পিরোজপুরে জেলা প্রশাসক পদে যোগ দিয়েছেন নব নিযুক্ত জেলা প্রশাসক আবু সাঈদ। পিরোজপুরে জেলা প্রশাসক হিসেবে পদায়নের পূর্বে এই কর্মকর্তা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব পদে কর্মরত ছিলেন।
১৮ নভেম্বর মঙ্গলবার তিনি পিরোজপুর জেলা প্রশাসক পদে তার কাজ শুরু করেছেন। এর পূর্বে তিনি ২০১৭-২০১৮ সালে পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় নির্বাহী অফিসার পদে দায়িত্ব পালন করেন। ২৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রিধারী।
আবু সাঈদ ২০১০ সালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার পদে তার কর্মজীবন শুরু করেন। এরপর দেশের বিভিন্ন এলাকায় তিনি বিভিন্ন পদে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেছেন। মাদারীপুর জেলার কালকিনী উপজেলার অধিবাসী আবু সাঈদের স্ত্রী শামিমা সাঈদ একজন গৃহিণী। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নেছারাবাদ উপজেলায় দায়িত্ব পালনকালে তিনি সফলতা ও কর্মনিষ্ঠার কারনে বেশ সুনাম অর্জন করেছিলেন।
পদায়নের কারণে নেছারাবাদ ছেড়ে গেলেও সেখানকার লোকজন তাকে মনে রেখেছেন। পিরোজপুরে জেলা প্রশাসক পদে দায়িত্ব পাওয়ার সংবাদের পরপরই নেছারাবাদের বিভিন্ন মহল থেকে তাকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
এদিকে, সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা বিভাগের যুগ্ম সচিব পদে দায়িত্ব দেয়া হয়েছে।