
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় জামালপুরের বকশীগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর উপজেলা যুবদলের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে এ মাহফিল আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।
বক্তারা বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের মূর্ত প্রতীক’ হিসেবে উল্লেখ করে দেশের রাজনীতিতে তাঁর অবদানের কথা স্মরণ করেন। গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ইন্তেকালের পর দেশব্যাপী শোকের অংশ হিসেবে এই দোয়া অনুষ্ঠিত হয়।
মাহফিলে উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলুসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মোনাজাতে মরহুমার জান্নাত কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত চেয়ে বিশেষ প্রার্থনা করা হয়।