
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম বৈলগাঁও এলাকায় মহিলা জামায়াতের একটি ক্যাম্পেইনে বিনা উসকানিতে গালিগালাজ ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে জামায়াত-শিবিরের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। পরে একই ঘটনাকে কেন্দ্র করে বাণীগ্রাম নতুন বাজার এলাকায় জামায়াত কর্মীদের কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীদের দাবি, মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে ক্যাম্পেইন চলাকালে তাদের প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত মো. ইসমাইল জানান, তার সেনিটারি দোকান ও বসতঘরে হামলা চালানো হয়। মোহাম্মদ মনছুর বলেন, তার ‘কুলিং কর্নার’ ও চায়ের দোকানে ভাঙচুর ও নগদ অর্থ লুট করা হয়েছে। এছাড়া জামায়াত কর্মী বাদশার পানের দোকানেও হামলা ও লুটপাটের অভিযোগ রয়েছে।
ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মো. ফারুখ আজম অভিযোগ করে বলেন, সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বিএনপি নেতা মিজান মোল্লার নেতৃত্বে ৩০–৪০ জনের একটি দল দোকানগুলোতে হামলা চালায় এবং আতঙ্ক সৃষ্টির জন্য ফাঁকা গুলি ছোঁড়ে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ ইসমাইল বলেন, ‘বিনা উসকানিতে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
রামদাস হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বাগচি বলেন, ‘ফাঁকা গুলির বিষয়ে আমি অবগত নই। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে সেনাবাহিনী অভিযুক্ত মিজান মোল্লার বাড়ি থেকে একটি মোটরসাইকেল ও একটি রামদা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।’
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।