
তেতুলিয়া নদীর পটুয়াখালীর বাউফল উপজেলার বগায় অংশে ‘বগা সেতু’ নির্মাণে তৃতীয় দফায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়জুল কবিরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
রবিবার (৪ জানুয়ারির ) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠকে বগা সেতুর বর্তমান অবস্থা ও অগ্রগতি উন্নয়নে প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় ড. শফিকুল ইসলাম মাসুদ বগা সেতুর গুরুত্ব তুলে ধরে বলেন, সেতুটি বাউফলসহ আশপাশের কয়েকটি উপজেলার মানুষের যোগাযোগ ও অর্থনৈতিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেরির পরিবর্তে সেতুটির নির্মাণ হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়জুল কবির বিষয়টি গুরুত্ব সহকারে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ সেতু ও সড়ক উন্নয়নে সরকার আন্তরিক এবং সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে বগা সেতু নির্মাণ কাজ দ্রুতই শুরু করা হবে। এসময় উপদেষ্টা ফয়জুল কবির সেতু নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।