
বাগেরহাট প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে এম এ এইচ সেলিম বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) জুমার দিন নাটইখালী মসজিদে নামাজ আদায়ের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। পরে নোয়াপাড়া স্কুল মাঠে এক পথসভায় অংশ নেন। এরপর বটতলা বাজার, চিতলীমোড়, অর্জুনবহর, মাদ্রাসা বাজারসহ সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ করেন।
প্রচারণাকালে এম এ এইচ সেলিম সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের সমর্থন চান।
এ সময় তিনি বলেন, আমি আপনাদের ঘরের সন্তান। আপনারা চাইলে আমি নির্বাচিত হতে পারি। আমি যখন এমপি ছিলাম, তখন কী করেছি তা আপনারাই ভালো জানেন। আমার কোনো বিদেশি সম্পদ নেই, সবকিছুই বাংলাদেশে। আমার প্রতিষ্ঠানে প্রায় ১১ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এমপি হয়ে টাকা কামানোর কোনো ইচ্ছা আমার নেই, আমি চাই বাগেরহাটের সার্বিক উন্নয়ন।
তিনি আরও বলেন, আপনারা সবাই এক একজন সেলিম হয়ে যান। আমি নির্বাচিত হলে বাগেরহাটের মানুষের জন্য আরও বেশি কাজ করব।
প্রচারণা ও পথসভায় স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ নারী ও পুরুষ ভোটার উপস্থিত ছিলেন।