বাংলাদেশ

বিদেশে থাকা করদাতাদের ই–রিটার্ন জমা এখন আরও সহজ, ইমেইলে মিলবে ওটিপি

  প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৫ , ২:২৩:৪৩ প্রিন্ট সংস্করণ

বিদেশে থাকা করদাতাদের ই–রিটার্ন জমা এখন আরও সহজ, ইমেইলে মিলবে ওটিপি

বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর বিবরণী (ই–রিটার্ন) জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে প্রবাসীরা নিবন্ধনের সময় মোবাইলের পরিবর্তে ই–মেইলে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাবেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানিয়েছে।

এতদিন ই–রিটার্নের জন্য নিবন্ধনের সময় ওটিপি পাঠানো হতো করদাতার নিজ নামে নিবন্ধিত মোবাইল নম্বরে। তবে বিদেশে অবস্থানরত অনেক করদাতার কাছে বাংলাদেশি সিম না–থাকায় এ প্রক্রিয়ায় সমস্যা হচ্ছিল। এখন থেকে তারা ই–মেইলের মাধ্যমেই ওটিপি পেয়ে বিদেশ থেকে সহজে রিটার্ন দাখিল করতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদেশে থাকা করদাতাদের পরিচয় ও অবস্থান নিশ্চিত করতে পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর (এনআইডি), ভিসা সিলের কপি, ই–মেইল ঠিকানা এবং ছবি একটি নির্দিষ্ট ই–মেইল ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদন যাচাই শেষে এনবিআর ওই করদাতার ই–মেইলে ওটিপি ও নিবন্ধন লিংক পাঠাবে। এর মাধ্যমে করদাতারা সহজেই অনলাইনে নিবন্ধন সম্পন্ন করে ই–রিটার্ন জমা দিতে পারবেন।

এনবিআর জানিয়েছে, ২০২৫–২৬ অর্থবছরে এখন পর্যন্ত সাড়ে আট লাখেরও বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন। চলতি অর্থবছরে রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।

এবার থেকে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং বাংলাদেশে কর্মরত বিদেশিদের বাইরে সকল করদাতার জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে চাইলে অন্যরাও অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

আরও খবর

Sponsered content