খেলাধুলা

বিশ্বকাপ জয়ের পরই ট্রফি হাতে বিয়ে করতে চান রোনালদো

  প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৫ , ২:২৮:০৪ প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপ জয়ের পরই ট্রফি হাতে বিয়ে করতে চান রোনালদো

ফুটবল ক্যারিয়ারের শেষ অধ্যায়কে ভালোবাসার বন্ধনে রাঙাতে চলেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে তার জীবনে এখন দুটি বড় লক্ষ্য—শেষবারের মতো বিশ্বকাপ জেতা এবং দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদো জানান, জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা অনেকদিন ধরেই তার মাথায় ছিল। পরিবারের সঙ্গে কাটানো এক আবেগঘন মুহূর্তেই তিনি সিদ্ধান্তটি চূড়ান্ত করেন। রোনালদো বলেন, “একদিন আমার সন্তানরা হঠাৎ জিজ্ঞেস করল—‘বাবা, তুমি কবে মা’কে আংটি দেবে?’ তাদের সেই প্রশ্ন আমার হৃদয় ছুঁয়ে যায়। তখনই বুঝেছিলাম, সময় এসে গেছে।” এরপর ২০২৫ সালের আগস্টে জর্জিনা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন, যেখানে তার হাতে ঝলমল করছিল ৩৫ ক্যারেটের হীরার আংটি—মূল্য প্রায় ৫০ লাখ ডলার। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও, পরের জীবনেও।’

রোনালদোর পরিকল্পনা অনুযায়ী, তাদের বিয়ের দিনটি হবে একেবারে বিশেষ। তিনি চান, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের সঙ্গে সেই দিনের প্রতীকী সম্পর্ক থাকুক। অর্থাৎ, ২০২৬ বিশ্বকাপ জয়ের পর ট্রফি হাতে নিয়েই জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চান এই ফুটবল কিংবদন্তি। সবকিছু পরিকল্পনামতো এগোলে, রোনালদোর দুই দশকের গৌরবময় ক্যারিয়ারের সমাপ্তি হবে এক অনন্য রোমাঞ্চে—একদিকে মাঠে সম্ভাব্য শেষ বিশ্বকাপের গৌরব, অন্যদিকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালোবাসার বন্ধনের সূচনা।