
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে সাথে মতবিনিময় সভা করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার ড. মো. জিয়াউদ্দীন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মিলনায়তনে বোয়ালখালী উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার ড.মো.জিয়াউদ্দীন বলেন, এবারের নির্বাচনকে আমরা সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ করে তুলবো। ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, এ নির্বাচনে কেউ ব্যালট বক্স নিয়ে যেতে পারবে না, ব্যালট পেপারে সিল দিয়ে বক্স ভরিয়ে দেওয়ার সুযোগও থাকবে না। কেবলমাত্র যোগ্য ভোটাররাই ব্যালট পেপারে সিল দেবেন। তিনি বলেন, ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা দুইভাবে হতে পারে–একটি বাইরে থেকে, অন্যটি ভেতর থেকে। বাইরের দায়িত্ব আমাদের, আর ভেতরের দায়িত্ব প্রিজাইডিং অফিসারদের। ভেতর থেকে সমস্যা হলে তা আমাদের জন্য দুর্বিষহ হয়ে উঠবে, যা মূলত মিস ম্যানেজমেন্টের ফল। তাই সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আপনাদের কাছে সব ধরনের ক্ষমতা রয়েছে। সততা, ঈমান ও নিরপেক্ষতা দিয়ে দায়িত্ব পালন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব বলেন, বিগত দিনের নির্বাচন কেমন হয়েছে তা আপনারা দেখেছেন। এবারের পরিবেশ ভিন্ন ধরনের। এখন পর্যন্ত নির্বাচনী সহিংসতা ঘটেনি–এর কৃতিত্ব জনগণ ও রাজনৈতিক দলগুলোর, যাদের সংযম আমরা দেখেছি। সামান্য বুদ্ধিমত্তা ও দায়িত্বশীলতা প্রয়োগ করলেই একটি সফল নির্বাচন সম্ভব।এ রকম সুযোগকে যদি আমরা কাজে লাগাতে না পারি। তাহলে এদেশের মানুষ আমাদের ক্ষমা করবেন না।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে ও বোয়ালখালী সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন,এডহক ৪৮ এডি রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.সালাহ উদ্দিন আল মামুন, পদাতিক ৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর সাকিব ইশরাক অপূর্ব, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) নোমান আহমদ, ক্যাপ্টেন মাহমুদ হাসান জাহিন, সিনিয়র সহকারী কমিশনার হেদায়েত উল্লাহ, তামজীদ রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী, বোয়ালখালী নির্বাচন কর্মকর্তা তনুশ্রী গোস্বামী, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মাহফুজুর রহমান,বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম,বোয়ালখালী প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম চৌধুরী,বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া,বোয়ালখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য ও নাগরিক টিভির স্টাফ রিপোর্টার তৌহিদুর রহমান, এস,এম নাঈম উদ্দিন,শাহা আলম বাবলু,এম,আর তাওহীদ,শাহেদ হোসেন ছোটন,তাজুল মানিক, মুনির চৌধুরী রানা,বিপ্লব জল দাশ প্রমুখ।সভায় প্রশিক্ষণপ্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা।
ভোটগ্রহণের জন্য ৯১ জন প্রিজাইডিং অফিসার, ৪৩৭ জন সহকারী প্রিজাইডিং ও ৮৪৪ জন পোলিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করে নির্বাচন কমিশন।
ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে বোয়ালখালী উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার ড.মো. জিয়াউদ্দীন।এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীবসহ কর্মকর্তাবৃন্দ।