
ফরিদপুরের বোয়ালমারীতে প্রবাসীর স্ত্রীর ভ্যানিটিব্যাগ থেকে ২৮ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে। সোমবার ( ২২ ডিসেম্বর) দুপুরে পৌরশহরের স্টেশন রোড ও নাট মন্দির রোড সংলগ্ন এলাকায় এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী মিনারা বেগম দাদপুর ইউনিয়নের নাগদী গ্রামের বাসিন্দা। তিনি দুবাই প্রবাসী সেলিম মোল্যার স্ত্রী।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, মিনারা বেগম বোয়ালমারী চৌরাস্তা এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংক থেকে নগদ ২৭ হাজার টাকা উত্তোলন করেন। এর আগে তার ভ্যানিটিব্যাগে আরও প্রায় এক হাজার টাকা ছিল। ব্যাংক থেকে টাকা তুলে রাজপ্লাজা মার্কেটের সামনে পৌঁছালে ভিড়ের মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা তার ভ্যানিটিব্যাগ থেকে সমস্ত টাকা কৌশলে চুরি করে নেয়।
টাকা হারানোর বিষয়টি বুঝতে পেরে মিনারা বেগম চিৎকার করে কান্নায় ভেঙে পড়েন। এ সময় ঘটনাস্থলে সাধারণ মানুষের ভিড় জমে যায়।
মিনারা বেগম বলেন, “আমরা খুব গরিব মানুষ। স্বামী ধার-দেনা করে বিদেশ গেছে। কিস্তির টাকা আর ছেলে-মেয়েদের প্রয়োজনীয় জিনিস কিনতে ব্যাংক থেকে টাকা তুলেছিলাম। রাজপ্লাজার সামনে ভিড়ের মধ্যে কেউ আমার ব্যাগ থেকে টাকাগুলো তুলে নিয়ে যায়। ফল কিনতে গিয়ে টাকা দিতে গিয়ে দেখি ব্যাগ খালি। এখন কীভাবে চলব?” তিনি আরও জানান, এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, পৌর শহরের ব্যস্ত এলাকায় দিনের বেলা এ ধরনের চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।