
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ছেলের চালানো অটোরিকশা থেকে পড়ে ট্রাকচাপায় মাসুমা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে কসবা–নয়নপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুমা বেগম কসবা উপজেলার বায়েক ইউনিয়নের হরিপুর গ্রামের কবির হোসেনের স্ত্রী।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে জরুরি প্রয়োজনে ওষুধ কিনতে ছেলের চালানো একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে কসবা বাজারের দিকে যাচ্ছিলেন মাসুমা বেগম। রাত আনুমানিক ৯টার দিকে কসবা উপজেলার পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামে কসবা–নয়নপুর সড়কে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অনিক ইসলাম জানান, নিহতের মাথায় গুরুতর আঘাত লেগেছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না থাকায় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।