
চীনের চংকিংয়ে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই পর্বে টানা বড় জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে তিমোর লেস্তেকে ৫-০ গোলে হারানোর পর, সোমবার (২৪ নভেম্বর) দ্বিতীয় ম্যাচেও আরও দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। ব্রুনাই দারুসসালামকে তারা বিধ্বস্ত করেছে ৮-০ গোলে।
লাল-সবুজ শিবিরের হয়ে রিফাত কাজী ও অপু রহমান করেছেন জোড়া গোল। এছাড়া মোহাম্মদ মানিক, বায়েজিদ বোস্তামী, নাজমুল হুদা ফয়সাল ও আরিফ একটি করে গোল করেন। ম্যাচের ১৩তম মিনিটে অপুর দারুণ ফিনিশিংয়ে লিড পায় বাংলাদেশ। ২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিফাত কাজী। এরপর ৩৬ ও ৩৭ মিনিটে যথাক্রমে ফয়সাল ও মানিক গোল করলে প্রথমার্ধে ৪-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় দলটি। বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে বাংলাদেশ। ৫০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন অপু। ৭৪ মিনিটে রিফাতও তার জোড়া গোল পূরণ করেন। শেষ দিকে ৭৬ মিনিটে আরিফ ও ৭৯ মিনিটে বায়েজিদ গোল করে ৮-০ এর বিশাল জয় নিশ্চিত করেন।
দুই ম্যাচে পরপর বড় জয়ে গ্রুপের পয়েন্ট টেবিলেও শক্ত অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। আগামী বুধবার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে তারা।